রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধ প্রবণতার কারণে মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে স্থানীয় শিক্ষার্থীদের ওপর। বিশেষ করে এসব এলাকায় কিশোর বয়সীদের বিপথগামী হওয়ার হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। যার ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। তাই সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মোহাম্মদপুরের অন্তত ৭০টিরও বেশি স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে ‘সুশিক্ষা ও সহশিক্ষার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত এবং ন্যায়-নীতি আদর্শ মোহাম্মদপুর-আদাবর গড়ার প্রত্যয়ে’ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও র্যালির আয়োজন করেছে।
